ইরানে সরকারপন্থী বিক্ষোভ, স্লোগানে উত্তাল রাজপথ

প্রকাশ: ৬ মাস আগে
ছবি: সংগৃহীত

ইরানে সরকারের প্রতি সমর্থন জানাতে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। সরকারি কর্মকর্তাদের আহ্বানে আয়োজিত এসব বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারীরা ‘আমেরিকার মৃত্যু’ ও ‘ইসরাইলের মৃত্যু’ স্লোগান দেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ তেহরানের এনকেলাব স্কয়ারের দিকে মিছিল নিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীরা ‘ঈশ্বরের শত্রুদের মৃত্যু’ বলেও স্লোগান দেন।

একই সময়ে সেমনান প্রদেশের শাহরুদ শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শোক মিছিলে বিপুল জনসমাগম দেখা যায়। কেরমান, জাহেদান ও বিরজান্দসহ বিভিন্ন শহরেও সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে সাম্প্রতিক ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নিন্দা জানানো হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসব বিক্ষোভকে ‘আমেরিকা-জায়নবাদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানি গণজাগরণ’ হিসেবে বর্ণনা করে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটির ভেতরে একটি ‘সন্ত্রাসী যুদ্ধ’ উসকে দিচ্ছে। তিনি বলেন, ‘শত্রুরা তাদের পদক্ষেপে বড় ধরনের ভুল হিসাব করেছে।’

উল্লেখ্য, গত বছরের জুনে ১২ দিনের এক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়।

সূত্র- আল জাজিরা

 

  • ইরানে সরকারপন্থী বিক্ষোভ