জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির

প্রকাশ: ৬ মাস আগে
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯ কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ ফলাফল ঘোষণার পর শীর্ষ তিন পদেই এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সর্বশেষ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফলাফল ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ভিপি পদে ৩ হাজার ৩৬৪ ভোট নিয়ে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের মো. রিয়াজুল ইসলাম। ৩ হাজার ১৩ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব।

এ ছাড়াও জিএস পদে বিপুল ভোটে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি ৩ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন। ১৩ হাজার ৭৯ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১ হাজার ৭২৯টি।

এজিএস পদে ৩ হাজার ১০৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছে ছাত্রশিবির প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৬৭৭।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয় শান্তিপূর্ণভাবে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার শুরু হয় গণনার কাজ।

জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

  • ছাত্রশিবির
  • জকসু নির্বাচন