থার্ড টার্মিনাল চালু করতে কত দিন লাগবে? জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশ: ৪ মাস আগে
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে আরও ৬ থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে যে চুক্তি ছিল, সেটি পর্যালোচনার চেষ্টা চলছে। তাদের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হলে সেটিই বাস্তবায়ন করা হবে। তা না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এগোনো হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পর্যটন বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। তবে এ বিষয়ে এখনও তেমন অগ্রগতি হয়নি। বৈঠকে সে প্রসঙ্গ তুলেছে চীন। পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। কক্সবাজার সমুদ্রসৈকতে যাচাই-বাছাই করে কীভাবে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

নতুন ফ্লাইটগুলোর রুট সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দুটি ফ্লাইট হবে গুয়াংজুতে এবং একটি বেইজিংয়ে।কবে থেকে এসব ফ্লাইট চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আমাদের কাছে লিখিত আবেদন করবে। এরপর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এলে সিভিল এভিয়েশন থেকে অনুমতি দেওয়া হবে।
অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার সুযোগ রয়েছে। চীন-বাংলাদেশ বিমান যোগাযোগ বাড়াতে আরও রুট চালুর অনুরোধ জানিয়েছে দেশটি।

 

  • থার্ড টার্মিনাল
  • প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত