প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন, ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

প্রকাশ: ২ মাস আগে
ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ফুটবল সংশ্লিষ্ট সংগঠনও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।

মিডিল ইস্ট আই–এর প্রতিবেদনে বলা হয়েছে, পিএফএ এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত শত শত ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় যুক্ত হলেন তিনি।

পিএফএর তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। সংগঠনটির দাবি, ইসরায়েলি সামরিক অভিযানে খেলোয়াড়, কোচ, রেফারি ও ক্রীড়া প্রশাসকরাও প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গাজার বহু স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র ও ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়েছে।

সালিম আল-আশকারের ব্যক্তিগত জীবনও ছিল নতুন এক অধ্যায়ের শুরুতে। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। ফলে তার মৃত্যু পরিবারে গভীর শোকের পাশাপাশি অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থ, বন্ধু ও ফুটবলপ্রেমীরা তাকে স্মরণ করে শোকবার্তা প্রকাশ করছেন।

গত বুধবার চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে আল-আশকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। ক্লাবটি দাবি করে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তার মৃত্যু হয়েছে। একই সঙ্গে তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ন্যায়বিচার নিশ্চিত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

গাজায় চলমান সংঘাতের কারণে ক্রীড়াঙ্গনও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। খেলোয়াড়দের প্রাণহানির পাশাপাশি বহু ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং অসংখ্য তরুণ ক্রীড়াবিদের স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র: মিডিল ইস্ট আই

  • ইসরায়েলি হামলায়
  • পিএফএ
  • ফিলিস্তিনি গোলরক্ষক