বিজয়-রাশমিকার বিয়েতে ওয়েলকাম ড্রিংক নারকেল পানি, খাবার কলাপাতায়

প্রকাশ: ৫ মাস আগে

আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের এক হেরিটেজ প্যালেসে রাজকীয় আসরে বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এর আগে উদয়পুরে শুরু হয়ে গেল তিনদিন ব্যাপী বিয়ের অনুষ্ঠান। সোমবার গন্তব্য়ে পৌঁছে গেছেন হবু তারকাদম্পতি। বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠ লোকেরাও একে একে পাড়ি দিতে শুরু করেছেন সেখানে।

তাদের নিয়েই প্রাকবিবাহ উদযাপন শুরু করেছেন বিজয়-রাশমিকা। বলিউড মাধ্যম সূত্রে খবর, উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসতে চলেছে বিয়ের আসর। সেখানেই সোমবার রাত থেকে সদলবলে বিবাহ অভিযানে মেতে উঠেছেন বিজয় এবং রাশমিকা।

কেমন চলে হবু দম্পতির প্রাকবিবাহ উদযাপন? ভেন্যু থেকে ফাঁস হওয়া বেশ কিছু ছবিতেই তার আভাস মিলল।

কখনও পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আর তার সঙ্গে অতিথিদের জলকেলি করতে দেখা গেল তো কোনও ফ্রেমে বা আবার কাড়ল নৈশভোজের টেবিলের সজ্জা। রকমারি ফুল-ফলে সুসজ্জিত নিশি আসর।
তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, উদয়পুরে বিয়ের আসর বসলেও বিজয়-রাশমিকা কিন্তু দক্ষিণী শিকড় ভুলে যাননি। বরং সাজপোশাক থেকে মেনু সবতেই নিজস্ব আঞ্চলিক ছোঁয়া বজায় রেখেছেন।

‘ওয়েলকাম ড্রিংক’ হিসেবে অতিথিদের দেওয়া হচ্ছে নারকেলের পানি। শুধু তাই নয়, বিয়ের তিন দিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়। বলাই বাহুল্য, দক্ষিণী সংস্কৃতিতে নারকেল পানি এবং কলাপাতার অর্থবহ গুরুত্ব রয়েছে। দক্ষিণ ভারতীয় বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশনের ঐতিহ্য বহু প্রজন্মের। আর সেই সংস্কৃতিকে আঁকড়েই উদয়পুরে বিবাহ অভিযান শুরু করেছেন বিজয় এবং রাশমিকা।

আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিজয়-রাশমিকার তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। কানাঘুষা চলছে, বিজয় এবং রাশমিকার রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও।

 

  • বিজয়-রাশমিকা