পারস্পরিক সামরিক হামলা বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিরা নতুন করে বৈঠকে বসবেন। সেখানে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানো এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।
এর আগে ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছায় ওয়াশিংটন ও তেহরান। ওই সমঝোতার পর দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে আলোচনার পথ খুলে যায় এবং ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাত শেষ হওয়ার আশা তৈরি হয়।
তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সুইজারল্যান্ডে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চললেও, এর মধ্যেই দুই পক্ষ আবারও একে অপরের ওপর হামলা চালায়। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়।
সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে।
তবে কূটনৈতিক অগ্রগতির মধ্যেও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজনে নতুন করে সামরিক অভিযান শুরু করবে। তার দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে। সূত্র: এএফপি