ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালের ৬ শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছু নির্মাণগত ত্রুটি পাওয়া গেছে। সেগুলো নবজাতকদের চিকিৎসা পরিবেশে কোনো ধরনের প্রভাব ফেলেছিল কিনা, তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতালের অক্সিজেন সরবরাহব্যবস্থা, বায়ু চলাচল, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ওয়ার্ড ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়েছে। তদন্ত কমিটি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে।
আগামীকাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে।
এর আগে বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু।
এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চ পর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়।
