
প্রতিনিধি,লালপুর নাটোরঃ
নাটোরের লালপুর উপজেলায় রাতের অন্ধকারে এক কৃষকের পুকুরপাড়ের প্রায় ১০০ থেকে ১৫০টি কলাগাছ কেটে ও ভেঙে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের আনুমানিক এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. সজিব আলী (৩২)। তিনি ওই গ্রামের বাসিন্দা মো. বাদশা আলীর ছেলে।
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুকুরপাড়জুড়ে অসংখ্য কলাগাছ গোড়া থেকে কাটা ও ভাঙা অবস্থায় পড়ে আছে। ফলন আসার অপেক্ষায় থাকা গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সজিব আলী।ভুক্তভোগী কৃষক সজিব আলী আক্ষেপ করে বলেন, “অনেক কষ্ট ও পুঁজি খাটিয়ে পুকুরপাড়ে কলাগাছগুলো বড় করে তুলেছিলাম। ফলন ধরার সময় হয়ে এসেছিল। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। আমার ধারণা, পূর্বশত্রুতার জের ধরেই কেউ এমন সর্বনাশ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”স্থানীয় বাসিন্দারাও ধারণা করছেন, কারও সঙ্গে পুরোনো বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ ক্ষতি করা হতে পারে। তবে ঘটনায় জড়িতদের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
