প্রতিনিধি, নরসিংদীঃ
নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, ভিক্ষুক পুনর্বাসনের আওতায় মালামালসহ মুদি দোকান প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী ,উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।
প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সফিকুল ইসলাম নামে এক প্রতিবন্ধী ভিক্ষুককে স্বাবলম্বী করার লক্ষ্যে মালামালসহ একটি মুদি দোকান প্রদান করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে বিকেলে উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সরকারের এসব জনকল্যাণমূলক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রশংসা করেন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।