পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, যা আইসিসি ও বিসিবির সঙ্গে তাদের পূর্ববর্তী বিরোধের সম্ভাব্য সমাধানের ইঙ্গিত দিচ্ছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে দীর্ঘ বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে সিরিজের সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে অংশ নেন আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পিসিবি সভাপতি মহসিন নাকভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপ খেলতে আইসিসির কাছে কিছু শর্ত রেখেছিল। এই আলোচনার সময়ই পিসিবি ও বিসিবি ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব তুলে ধরেছে। পাশাপাশি পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালুর কথাও জানিয়েছে।

তবে এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারণ দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর উপর নির্ভর করছে।