তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মরদেহ ভাসছে—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানায়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ দেশের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আতঙ্ক ছড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরির উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। তাই এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা এ ধরনের গুজব ও অপপ্রচার চালাচ্ছে, তাদের শনাক্ত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
