নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজা-দাফনে থাকছেন না মোজতবা খামেনি

প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে তাঁর ছেলে মোজতবা খামেনির অংশ নেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ইরানে সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহী। নিরাপত্তা ঝুঁকির কারণেই তাঁকে জনসমক্ষে না আসার পরামর্শ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এলাহী বলেন, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানি কর্তৃপক্ষ মোজতবা খামেনির নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না। তাই জানাজা ও দাফনের মতো জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতির সম্ভাবনা কম।

আলী খামেনির জানাজায় অংশ নিতে ভারত থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার আগে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দেন হাকিম এলাহী।

তিনি বলেন, সম্প্রতি ইরানে অবস্থানকালে মোজতবার সঙ্গে দেখা করেছেন—এমন কয়েকজনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, মোজতবা জনসমক্ষে এসে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে চান। তবে নিরাপত্তা সংস্থাগুলো তাঁকে প্রকাশ্যে আসার অনুমতি দিচ্ছে না।

এলাহীর ভাষায়, “নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। আমরা তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছি না। তাই আমার মনে হয় তিনি প্রকাশ্যে আসবেন না।”

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন বলে দাবি করা হয়। এরপর থেকে তিনি জনসমক্ষে খুব কমই দেখা দিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুদ্ধ পরিস্থিতি নিয়ে একাধিকবার বিবৃতি দিলেও, সেগুলো তিনি নিজে প্রকাশ্যে না পড়ে রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকদের মাধ্যমে প্রচার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

  • জানাজা ও দাফন
  • মোজতবা খামেনি
  • সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি