প্রতিনিধি,গাজীপুরঃ
বিশ্বশান্তি, মানবকল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনায় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের সমরসিং শ্রীকৃষ্ণ সেবা সংঘ রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, অধিবাস কীর্তন, মঙ্গল ঘট স্থাপন, ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ এবং শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।
আয়োজিত কর্মসূচি অনুযায়ী, ২০ নভেম্বর শুক্রবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, শুভ অধিবাস কীর্তন ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ২১ নভেম্বর শনিবার থেকে ২৩ নভেম্বর সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হবে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ। এছাড়া ২৪ নভেম্বর মঙ্গলবার শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
সমরসিং শ্রীকৃষ্ণ সেবা সংঘ রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু মনদীশ চক্রবর্তী জানান, সবার সার্বিক সহযোগিতায় মন্দির প্রাঙ্গণে গীতা পাঠ, অধিবাস কীর্তন, মঙ্গল ঘট স্থাপন, মহানাম যজ্ঞ ও লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। কলিযুগে মুক্তিলাভের অন্যতম পথ হলো হরিনাম সংকীর্তন। এ আয়োজনের মাধ্যমে বিশ্বের সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সম্প্রীতি এবং মানবমুক্তির কামনায় এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। ভক্তরা কীর্তন শ্রবণ করেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ ও সংকীর্তনের মাধ্যমে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা, শান্তি ও ভক্তিভাব জাগ্রত হয়। এমন ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।