সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দেশীয় মাছ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বাংলা ইউনিয়নের বিভিন্ন বিল ও জলাশয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমানসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।