রায়গঞ্জ উপজেলার ৩ নং ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী চুনিয়াখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এখন পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠের কোথাও কোমর পানি আবার কোথাও বুক সমান পানি থৈথৈ করছে। দূর থেকে দেখলে মনে হয় এটি একটি বিশাল পুকুর বা ডোবা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে পানি বের হওয়ার পথ না থাকার কারণে বিদ্যালয়ের সামনে পুরো মাঠটি অবরুদ্ধ হয়ে পড়েছে। বিদ্যালয়ের মাঠটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের খেলার সুযোগ তো দূরের কথা বিদ্যালয়ে আসাই অসম্ভব হয়ে পড়েছে। অন্যের বাড়ির উপর দিয়ে তারা স্কুলে যাতায়াত করছে, শ্রেণিকক্ষের সামনে পানি জমে থাকায় অনেকে কোমলমতি শিক্ষার্থীদের দুর্ঘটনার আশঙ্কা করছেন। মাঠে পানি জমে থাকায় মশা ও নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব আশঙ্কা জনকভাবে বেড়েছে, যা শিশু শিক্ষার্থীদের চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে।

স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, বৃষ্টি হলেই এই মাঠটি প্রায় বছরের অর্ধেক সময় পানি জমে যায়। কিন্তু এবার টানা বৃষ্টির কারণে মাঠের অবস্থা ভয়াবহ রূপ দিয়েছে। পানি নিষ্কাশনের কোন সুব্যবস্থা না থাকায় এই জলবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মাঠ প্লাবিত হওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাপক হারে কমে গেছে, পিচ্ছিল ও নোংরা পানি পার হয়ে আসতে গিয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত এই পানি নিষ্কাশন করা না হলে শিক্ষার্থীদের পড়াশোনার চরম ক্ষতি হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে মাঠের পানির নিষ্কাশন এবং মাটি ভরাট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ততক্ষণ পর্যন্ত এই জলাবদ্ধতার অভিশাপ মাথায় নিয়েই চলছে বিদ্যালয়ের কার্যক্রম, যা স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।