সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে অতর্কিত হামলার ঘটনায় রায়গঞ্জ-সলঙ্গার বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে ধানগড়ায় এ হামলার ঘটনা ঘটে।হামলার খবর ছড়িয়ে পড়লে রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানান।
নলকা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বকুলতলা ও সাহেবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একইভাবে হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সলঙ্গা বাজারে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
অপরদিকে ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহরের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মালতিনগর আমতলা বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন, ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন। এ ছাড়া ভূঁইয়াগাঁতী, চান্দাইকোনা,নিমগাছী,হাটপাঙ্গাসীসহ বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তিনি দল-মত,মতাদর্শ ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সব মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর গাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি একটি জঘন্য ও কাপুরুষোচিত ঘটনা।
বিক্ষোভকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান। তারা বলেন,হামলাকারীরা যে দলেরই হোক না কেন,তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে সিরাজগঞ্জ-৩ আসনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা।হামলার নেপথ্যে কারা রয়েছে,তা দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ারও জোর দাবী জানান বিক্ষোভকারীরা।