সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩নং ধুবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ আব্দুল খালেক শেখ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোঃ আব্দুল খালেক শেখের পরিবার দীর্ঘদিন ধরে ১নং ওয়ার্ডের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তাঁর পিতা মরহুম হারান আলী শেখ ১নং ওয়ার্ডের মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর ইউপি সদস্যের দায়িত্ব পালন করেছেন।
পিতার সেই জনসেবার ধারাবাহিকতা ধরে রেখে মোঃ আব্দুল খালেক শেখও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকা, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে স্থানীয়দের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানান এলাকাবাসী।
নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় চলছে। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এলাকাবাসীর ভাষ্য, পিতার দীর্ঘ ২০ বছরের জনসেবার অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে পারিবারিক সম্পর্ক মোঃ আব্দুল খালেক শেখের নির্বাচনী মাঠে একটি বড় শক্তি। ফলে ৩নং ধুবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তাঁর প্রার্থিতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে ১নং ওয়ার্ডের আগামী দিনের জনপ্রতিনিধি কে হবেন।