সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পুলিশের বিরুদ্ধে সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে স্থানীয়রা নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেছেন। এতে পাবনা-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাটধারী বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটির চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন। দুর্ঘটনার পর স্থানীয়রা হাটিকুমরুল হাইওয়ে থানায় একাধিকবার ফোন করে পুলিশকে খবর দেন বলে দাবি করেন তারা। তবে অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও পুলিশ ঘটনাস্থলে আসেনি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলে তাকে বাঁচানো সম্ভব হতো। পুলিশের এমন ভূমিকার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নিহতের মরদেহ সড়কে রেখে অবরোধ শুরু করেন।

অবরোধকারীরা বলেন, ‘দুর্ঘটনার পর আমরা একাধিকবার পুলিশকে ফোন করেছি। কিন্তু তারা ঠিক সময়ে আসেনি। পুলিশ সময়মতো এলে চালককে উদ্ধার করে বাঁচানো সম্ভব হতো। এর জবাব না পাওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

এদিকে মহাসড়ক অবরোধের কারণে পাবনা-নগরবাড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন বলেন, ‘জরুরি সেবার মাধ্যমে খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।’

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত পিকআপ চালকের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরির বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।