নাটোরের সিংড়ায় সড়ক পরিবহন আইন অমান্য করায় চার মোটরসাইকেল আরোহীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযান সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর ৬৬ ও ৯২ ধারায় ৪ জন মোটরবাইকারকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, “সড়কে দুর্ঘটনা রোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হেলমেট পরিধান ও বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিয়ম না মেনে যানবাহন চালালে নিজের পাশাপাশি অন্যদের জীবনও ঝুঁকিতে পড়ে। সড়কে সচেতনতা বৃদ্ধি ও আইন মানার প্রবণতা তৈরি করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”