প্রতিনিধি, বরিশাল :
প্রতিদিনের ন্যায় সকালে বাসা থেকে বের হয়েছিলেন মাদ্রা সায় যাওয়ার জন্য। মাহিন্দ্রাযোগে মাদ্রাসার সামনে গিয়ে নেমে পায়ে হেঁটে মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির যাত্রীবাহি পরিবহনের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছেন সহকারী মৌলভী ক্বারী রেহানা বেগম (৪৫)।
মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে বেপরোয়াগতি নিয়ন্ত্রণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে,আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালের পশ্চিম রাকুদিয়া এলাকায়।
নিহত রেহানা বেগম রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী একই মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিন।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সকালে বরিশালের বাসা থেকে মাহিন্দ্রাযোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন রেহানা বেগম। পরে তিনি নতুনহাট এলাকায় নেমে মহাসড়ক পার হয়ে মাদ্রাসায় প্রবেশ করছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামের একটি বাস বেপরোয়াগতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের পাশে ছিটকে পরে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন।খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুত্বর আহতাবস্থায় তাকে (রেহানা) উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রেহানা বেগম মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবর মাদ্রাসায় পৌঁছাতেই শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। মুহুর্তেই শোক বদলে যায় ক্ষোভে। নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে বেপরোয়াগতি নিয়ন্ত্রণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে চরম ভোগান্তিতে পরেন দুরপাল্লা রুটের যাত্রীরা।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পুলিশ লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।