সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার সময় জেলা প্রশাসক কার্য্যালয়ের শহীদ এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকাল ৯ টার সময় সিরাজগঞ্জ বাজার স্টেশনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায় ,জেলা কৃষি কর্মকর্তা, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য বৃন্দসহ আরো অনেকে।

সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে এই শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।