সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব সিরাজগঞ্জের সলঙ্গা উত্তরপাড়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা,ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দুপুরে সলঙ্গা উত্তরপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র জায়দার।এ সময় ধর্মীয় আলোচনা, গীতা পাঠ এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বিকেল সাড়ে ৪টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাক-ঢোল,শঙ্খধ্বনি,উলুধ্বনি ও বাদ্যযন্ত্রের তালে তালে রথের প্রথম টানের মাধ্যমে শুরু হয় বহুল প্রতীক্ষিত রথযাত্রা।দীর্ঘ সারিতে দাঁড়িয়ে হাজারো ভক্ত রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশ নেন।রথটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সলঙ্গা ইসলামিয়া হাইস্কুল মাঠে সাময়িক বিরতি দেয়।পরে উত্তরপাড়া মাশি’র বাড়িতে পৌছানোর মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও প্রশাসনের সার্বিক সহযোগীতা এবং সকলের আন্তরিক সহযোগীতায় রথযাত্রার প্রথম দিনের অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র জায়দার বলেন,সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথের রশি স্পর্শ বা টানলে পুণ্য লাভ হয়।সেই বিশ্বাস ও ভক্তি থেকেই প্রতিবছর এ রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়।