
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রবীণদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার, সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে পরিবার ও সমাজের দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, প্রবীণদের জন্য সরকার বয়স্ক ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য আইন ও সরকারি বিভিন্ন ব্যবস্থাও রয়েছে। এসব সুযোগ-সুবিধা যথাযথভাবে প্রবীণদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সমাজে প্রবীণদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের প্রতি শ্রদ্ধাশীল ও সম্মানজনক আচরণ করা সবার দায়িত্ব।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণরা উপস্থিত ছিলেন।
