ফুলজোড়ে উদ্ধার লাশ নিয়ে অপপ্রচারের সতর্কতা

লেখক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল রানা নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। তবে পুলিশের দাবি, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়ানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল রানা গত বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। গত ৭জুন সাহেবগঞ্জ এলাকার ফুলজোড় নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মরদেহের ছবি ছড়িয়ে দিয়ে সেটি সোহেল রানার বলে দাবি করা হয়। অল্প সময়ের মধ্যেই ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।

তবে এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে রোববার রাতে রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান, ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির পরিচয় দিয়ে প্রচার চালানো বিভ্রান্তিকর এবং অপপ্রচারের শামিল হতে পারে।

পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

  • অপপ্রচার
  • পুলিশ
  • লাশ