ঈশ্বরগঞ্জ থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

প্রকাশ: ১ ঘন্টা আগে

প্রতিনিধি,ময়মনসিংহ :
সরকারি সকল সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে উপজেলা প্রশাসন ও থানার কার্যক্রমের সচ্ছতা যাচাইয়ে বিভিন্ন উপজেলায় নিয়মিত পরিদর্শন করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
পরিদর্শনের অংশ হিসাবে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপুর্ণ পরিবেশে উদযাপনের প্রস্তুতি যাচাই করতে আজ তিনি ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড)। জেলা প্রশাসক থানায় পৌঁছালে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে ঈশ্বরগঞ্জ থানার এসআই সামিউলের নেতৃত্বে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন।

গার্ড অব অনার শেষে জেলা প্রশাসক থানার অভ্যন্তরীণ বিভিন্ন অংশ ও থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে থানার সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। থানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় তিনি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকালে থানা পুলিশের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। পরিদর্শনের মধ্য দিয়ে থানা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, পরিবেশ ও শৃঙ্খলা সম্পর্কে জেলা প্রশাসক অবগত হন।