
প্রতিনিধি,গাজীপুরঃ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬)
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত ৮ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। তাঁদের কাছ থেকে নাশকতার আলামত উদ্ধারের পাশাপাশি পরিকল্পনাকারী, হুকুমদাতা ও অর্থের জোগানদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় সাম্প্রতিক সময়ে গাজীপুরে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা, গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
জিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ ৮ নভেম্বর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কোনো মহল যাতে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, হুকুমদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) রাতে বাসন থানার ভোগড়া এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে পানির বোতলে রাখা প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. নাহিদ সরকার (৩৩) ও মো. আপন (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাহিদ সরকার গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। এ সময় পেট্রোলসহ ব্যবহৃত প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। নাশকতার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
জিএমপি কমিশনার আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে পুলিশ সতর্ক রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া এবং সেগুলোকে কেন্দ্র করে সংঘটিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগ নেই। শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের প্রতি সম্মান রেখেই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আরও ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
