
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান, সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম ফরিদ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মন্ডল পান ২০ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আনারস প্রতীকে মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ২৫ ভোট।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ফরিদ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মো. ইমরান হোসেন পেয়েছেন ২৪ ভোট।
এ ছাড়া নির্বাচনের আগে সহ-সভাপতি পদে মো. আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের অপর সদস্যরা ছিলেন মো. আমিনুল বারী তালুকদার, আব্দুল কাদের ও মো. ইয়াকুব আলী তালুকদার।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।
এর আগে সকালে ভোট কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতারা দায়িত্ব গ্রহণের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ইটভাটা মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
