উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত আকরাম হোসেন (২০) হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। শনিবার (২৪ অক্টোবর) তিনি উল্লাপাড়া মডেল থানা এলাকার খোসালপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার মামলার গুরুত্বপূর্ণ আলামত জব্দ, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন অন্য আসামিদের গ্রেপ্তার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করায় উল্লাপাড়া থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার নিহত আকরাম হোসেনের শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মামলাটির তদন্তের অগ্রগতি নিজে সার্বক্ষণিক তদারকি করবেন বলেও পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর উল্লাপাড়া থানাধীন খোসালপুর গ্রাম থেকে আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনকালে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), টেলিভিশন সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।