প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এ উপলক্ষে রোববার (১৯ জুলাই) উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় ও মাসিক সমন্বয় সভায় তাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
এসময় তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করাও সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। নৈতিক মূল্যবোধের অভাবেই সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, মাদকাসক্তিসহ নানা সামাজিক অবক্ষয় বিস্তার লাভ করছে। একটি আদর্শ সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রকিবুল হাসান এবং নৃত্যকলায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী রাজশ্রী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায়কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে পাঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কে. এম. রহমাতুল্লাহ বারী, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মো. ফয়জুল আরাফাত, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে চিত্র রঞ্জন রায়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে মোছা. মাহমুদা খাতুন এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে মো. মোস্তাফিজুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।
