ফুল হয়ে ফোটার আগে প্রজাপতি কেন খোঁজো

প্রকাশ: ৪ ঘন্টা আগে

প্রতিবেদক,এস এম শিমুল :
​কৈশোর থেকে তারুণ্যের চৌকাঠ—এই ১৩ থেকে ১৯ বছরের সোনালী সময়টি মানুষের জীবনে এক অদ্ভুত ঘোরলাগা অধ্যায়। এ বয়সটি যেন চোখের সামনে পরা এক রঙিন চশমা; যেদিকেই তাকানো যাক, পৃথিবীটাকে কেবল মায়াবী ও বর্ণিল মনে হয়। হৃদয়ের প্রবল স্পন্দন আর আবেগের জোয়ারে তরুণ মন চঞ্চল হয়ে ওঠে। কিন্তু এই আবেগের চোরাবালিতে পা দিয়ে অনেকেই জীবনের মূল লক্ষ্য থেকে ছিটকে পড়েন। বর্তমান প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে একজন শিক্ষক, লেখক ও ফিচার কলামিস্ট হিসেবে আমার সুদৃঢ় পরামর্শ হলো—এই বয়সটুকুকে আবেগের স্রোতে ভাসিয়ে না দিয়ে নিজের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখুন। মনে রাখবেন, এই বয়সে কোনো মনস্তাত্ত্বিক বা আবেগঘন সম্পর্কের বেড়াজালে বন্দি না হয়ে নিজেকে গড়ার ব্রতে আত্মনিয়োগ করাটাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানের কাজ।
​প্রখ্যাত বিজ্ঞানী ও চিন্তাবিদ ড. এপিজে আবদুল কালামের একটি চিরন্তন সত্য বাণী রয়েছে, যা আমাদের অস্তিত্বের মূল সুর বেঁধে দেয়: “তুমি প্রজাপতির পিছনে দৌড়াইওনা, তুমি ফুলের চাষ করো; প্রজাপতিই তোমার পিছনে দৌড়াবে।” এই বাণীর তাৎপর্য অত্যন্ত সুদূরপ্রসারী। প্রজাপতি হলো বাহ্যিক সাফল্য, খ্যাতি, প্রাপ্তি কিংবা সাময়িক মোহের প্রতীক। আর ফুল হলো সাধনা, জ্ঞান, চরিত্র মাধুর্য ও পরিশ্রমের নিরন্তর প্রতীক। একজন শিক্ষার্থী যখন অপরিপক্ব বয়সে মোহের পিছে বা কোনো সম্পর্কে জড়িয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে, সে মূলত ওই উড়ন্ত প্রজাপতির পিছু নেয়—যা আজ আছে, কাল নেই।
​পক্ষান্তরে, যে তরুণ নিজের মেধা, মনন, নৈতিকতা এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজের ভেতরকার সুপ্ত প্রতিভাকে বিকশিত করে, জ্ঞান ও কর্মের সুবাস ছড়ায়—তার জীবন হয়ে ওঠে একটি সুরভিত উদ্যান। তখন সফলতার রঙিন প্রজাপতিগুলো নিজেই তার চারপাশের আকাশে ডানা মেলতে শুরু করে।
​তাই হে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজই আবেগের চশমাটি খুলে রেখে লক্ষ্য স্থির করো। নিজের ভবিষ্যৎ বিনির্মাণের বাগানে কঠোর পরিশ্রমের বীজ বুনো। আত্মবিশ্বাস ও সততার আলোয় নিজেদের সমৃদ্ধ করো। তোমরা যদি সঠিক পথে একাগ্রচিত্ত হয়ে এগিয়ে যাও, তবে সাফল্য ও সম্মান স্বয়ং তোমাদের দ্বারে এসে ধরা দেবে। নিশ্চিত জেনো, লক্ষ্যভেদী সাধনাই হলো তরুণ প্রাণের সর্বশ্রেষ্ঠ ভূষণ।