অভিযোগের পরও বদলায়নি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর খাবারের মান

প্রকাশ: ১১ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। সরকারি নির্দেশনা অনুযায়ী পুষ্টিকর ও মানসম্মত খাবার দেওয়ার কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে বলে তাঁদের দাবি।
সম্প্রতি সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, দুপুরের খাবারে রোগীদের জন্য অল্প পরিমাণ মাছ, ভাত ও তরকারি পরিবেশন করা হচ্ছে। কয়েকজন রোগী অভিযোগ করেন, খাবারের মান ও স্বাদ অত্যন্ত খারাপ হওয়ায় অনেকেই তা খেতে পারছেন না। ফলে বাধ্য হয়ে স্বজনদের মাধ্যমে বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে।
হাসপাতালে ভর্তি থাকা এক রোগী বলেন, “আজ দুপুরে যে খাবার দেওয়া হয়েছে, তাতে নুনও ঠিকমতো ছিল না। এই খাবার খাওয়া যায় না। বাধ্য হয়ে বাড়ি থেকে খাবার এনে খেয়েছি।”
আরেক রোগী বলেন, “হাসপাতালের খাবার খাওয়ার উপযোগী নয়। তাই আমরা অনেক সময় খাবারই নিই না।”
রোগীদের স্বজনদের অভিযোগ, সরকারি অর্থে রোগীদের জন্য খাবার বরাদ্দ থাকলেও বাস্তবে সেই মান বজায় রাখা হচ্ছে না। তাঁদের দাবি, মেনু অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম, শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাবার সরবরাহের কথা থাকলেও বাস্তবে তা মিলছে না। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাব রয়েছে বলেও তাঁরা মনে করেন।
স্থানীয়দের ভাষ্য, এ বিষয়ে ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে অভিযোগের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা ঠিকাদারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রোগীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে খাবার সরবরাহকারী ঠিকাদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোনেয়ার হোসাইন বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।”

  • অনিয়ম
  • খাবার
  • সরকারি হাসপাতাল