
প্রতিনিধি,যশোর :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আজ যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ আইসিপি ও আন্দুলিয়া বিওপির দুটি টহল দল এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল এসকাফ (ESCUF) সিরাপ, ২৫ বোতল উইনসেরেক্স (WINCEREX) সিরাপ, ১টি বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, ১.৫ কেজি কিসমিস এবং ৭৫টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
সীমান্তে অপরাধ ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
