সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান (সাবান)।আজ শনিবার বিকেল ৪টায় শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তিনি এ ঘোষণা দেন।এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা ও কর্মী সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান (সাবান) বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের মতামত ও সহযোগীতা চাই।নির্বাচিত হলে আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।রামকৃষ্ণপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও উন্নয়নমুখী হিসেবে গড়ে তুলতে চাই।তিনি আরও বলেন,দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সবার সহযোগীতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।এ সময় তিনি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা মতিয়ার রহমানের প্রার্থীতার প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম,হারুনর রশিদ,সাইদুর রহমান তালুকদার,কৃষক দলের সভাপতি আব্দুল হান্নান,যুবদলের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম তালুকদার,যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ,জাহের আলী মাস্টার, আকতার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।