সুন্দরগঞ্জে রিকশা চালকের জমানো ২ লাখ টাকা খেলো উইপোকায়

প্রতিনিধি,গাইবান্ধা:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

দীর্ঘ প্রায় এক যুগের হাড়ভাঙ্গা পরিশ্রমের জমানো ২ লাখ টাকা উইপোকা ও তেলাপোকা কেটে টুকরো টুকরো করার কারণে বিপাকে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি পরিবার। শেষ সম্বল হারিয়ে পরিবারটিতে এখন চলছে শুধুই হাহুতাশ। অদূর ভবিষ্যতের জন্য সঞ্চয় করা জমানো টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
এ ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে।ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমের জমানো টাকা।
পারিবারিক সূত্রে জানা গেছে , তোফাজ্জল-ফাতেমা দম্পতি দীর্ঘ ১০ হতে ১২ বছর ধরে ঢাকায় বসবাস করেছিলেন। তোফাজ্জল রিকশা চালাতেন এবং ফাতেমা বেগম বাসা বাড়িতে ঝিয়ের কাজ করতেন। ৩ কন্যাসন্তানের ভবিষ্যৎ এবং বৃদ্ধ বয়সের  পাথেয় ভেবে সংসারের খরচ বাঁচিয়ে তিলে তিলে ওই ২ লাখ টাকা জমান তারা। সেই কষ্টের সঞ্চয় একটি কাঠের বাক্সে নিরাপদ ভেবে রাখা হয়েছিল।
ইদানীং ঢাকা থেকে গ্রামে এসে বাক্সটি খোলেন তোফাজ্জল ও ফাতেমা। কিন্তু বাক্স খুলতেই হতভম্ব হয়ে পড়েন তারা। দেখতে পান, বাক্সে রাখা ১ হাজার টাকার নোটের সবগুলোই উইপোকা ও তেলাপোকা কেটে কুচিকুচি করে ফেলেছে। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ তাদের অজান্তে দিনেদিনে পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়। সঞ্চয় হারিয়ে তোফাজ্জল ও ফাতেমার আর্তনাদে সারা গ্রাম নেমে এসেছে গভীর সমবেদনা।স্থানীয়রা জানান, বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা টাকা পরিবর্তনের সুযোগ পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। কায়িক পরিশ্রম করে ১০-১২ বছরের তিলে তিলে গড়া সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার ও হাহুতাশের মধ্যে দিন কাটাচ্ছে।