অনলাইন প্লাটফর্মে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগ গৃহীত

প্রকাশ: ৩ মাস আগে

গতকাল (১ জুন) ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুররশীদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ১০টার দিকে অনলাইন প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুররশীদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদের পাঁচজন সদস্য ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

এতে সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হুসাইনকে দায়িত্বে বহাল রেখে ব্যাংকের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়।

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবি কেন্দ্র করে ফের অস্থিরতা দেখা দেয়। অবিলম্বে তার নিয়োগ বাতিল এবং সাবেক এমডি ওমর ফারুক খানের পুনর্বহাল দাবিতে আন্দোলন শুরু হয়। পরে রাজধানীর দিলকুশায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের সময় এ ঘটনা ঘটে।

 

  • ইসলামী ব্যাংক
  • এমডির পদত্যাগ
  • পর্ষদ সভা