সোনতলা করতোয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, নদীর দুপারে হাজারো দর্শনার্থী

প্রতিনিধি, উল্লাপাড়া:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা এলাকায় করতোয়া নদীতে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বৃহস্পতিবার বিকেলে এ নৌকা বাইচ উদ্বোধন করেন উল্লাপাড়া এমপি মাওলানা রফিকুল ইসলাম খান। এতে সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা পানসি নৌকা অংশ নিচ্ছে।

নৌকা বাইচ দেখতে উল্লাপাড়া ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ সোনতলা ব্রিজ এলাকায় জড়ো হয়েছেন। নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীর সমাগম হয়েছে। নৌকা বাইচকে ঘিরে সোনতলা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ নৌকা বাইচে মোট ২০টি পানসি নৌকা অংশ নেবে। প্রতিদিন বিভিন্ন পর্বে নৌকাগুলো করতোয়া নদীর নির্ধারিত অংশে প্রতিযোগিতায় অংশ নেবে।

শুক্রবার বিকেলে বাইচ শুরুর পর নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। অনেকে নৌকায় করে নদীতে অবস্থান নিয়ে বাইচ উপভোগ করেন। নৌকার মাঝিদের বৈঠার ছন্দ, দর্শনার্থীদের উচ্ছ্বাস এবং নদীর দুই পাড়ের মানুষের সমাগমে পুরো এলাকা উৎসবের আমেজে পরিণত হয়।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, “সুস্থ সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠার জন্য আমরা নৌকা বাইচের আয়োজন করেছি। নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিবছরই এ ধরনের নৌকা বাইচ আয়োজন অব্যাহত থাকবে।”

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয় মানুষের মধ্যে এ সংস্কৃতির চর্চা বাড়াতেই এ আয়োজন করা হয়েছে।