তাড়াশে সুফলভোগীদের মাঝে ব্যবসার মালামাল বিতরণ

প্রকাশ: ২ ঘন্টা আগে

প্রতিনিধি,তাড়াশ (সিরাজগঞ্জ) :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে সিরাজগঞ্জের তাড়াশে অসহায় ও সুবিধাবঞ্চিত সুফলভোগীদের মাঝে ক্ষুদ্র ব্যবসার মালামাল বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের সহসভাপতি মো. আমিরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবর্তনের পরিচালক ও সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, উপজেলা কৃষি কর্মকর্তা শমিষ্ঠা সেন গুপ্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী, সদস্যসচিব আব্দুল বারিক খোন্দকার, শ্রমিক দলের সভাপতি সেলিম প্রধান, সাংবাদিক গোলাপ মোস্তফা, লুৎফর রহমান, এনজিওকর্মী ও সাবেক কাউন্সিলর রোকসানা রুপাসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে আত্মনির্ভরশীল করে তোলার এ উদ্যোগ প্রশংসনীয়। ক্ষুদ্র ব্যবসার মালামাল যথাযথভাবে কাজে লাগিয়ে সততা, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
সুফলভোগী ইদ্রিস আলী ও রমজান আলী বলেন, এ সহায়তার ফলে তাঁদের ব্যবসা আরও সম্প্রসারিত হবে এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। তারা পরিবর্তন সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।