ছবি: সংগৃহীত
ক্যারোসেল পোস্টে বড় পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। এখন থেকে একটি ক্যারোসেল পোস্টের প্রতিটি ছবি বা ভিডিওতে আলাদা ক্যাপশন যুক্ত করা যাবে। দীর্ঘদিনের প্রত্যাশিত ‘মাল্টিপল ক্যাপশনস’ ফিচার চালুর ফলে ব্যবহারকারীরা প্রতিটি স্লাইডের জন্য পৃথক তথ্য, ব্যাখ্যা বা অভিজ্ঞতা লিখতে পারবেন। এতে গল্পভিত্তিক, শিক্ষামূলক ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট তৈরি করা আরও সহজ হবে।
ইনস্টাগ্রাম জানিয়েছে, নতুন ফিচারটি ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে। তাই সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এটি পৌঁছাতে কয়েক দিন সময় লাগতে পারে।
এতদিন একটি ক্যারোসেল পোস্টের সব ছবি ও ভিডিওর জন্য একটি মাত্র ক্যাপশন ব্যবহার করা যেত। ফলে প্রতিটি স্লাইডের আলাদা প্রেক্ষাপট তুলে ধরতে অনেককে ছবির ওপর লেখা যুক্ত করতে বা মূল ক্যাপশনে দীর্ঘ ব্যাখ্যা দিতে হতো। নতুন সুবিধা সেই সীমাবদ্ধতা দূর করবে।
নতুন ফিচারের মাধ্যমে একটি ক্যারোসেল পোস্টে সর্বোচ্চ ২০টি স্লাইডের প্রতিটির জন্য আলাদা ক্যাপশন লেখা যাবে। এতে ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা, আলোকচিত্রী, প্রশিক্ষক, অনুষ্ঠান আয়োজকসহ বিভিন্ন ধরনের ব্যবহারকারী প্রতিটি ছবি বা ভিডিওর সঙ্গে প্রয়োজনীয় তথ্য আরও সহজভাবে উপস্থাপন করতে পারবেন।
ফিচারটি ব্যবহার করতে ক্যারোসেল পোস্ট তৈরির সময় একাধিক ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এরপর ক্যাপশন লেখার ধাপে গিয়ে Multiple Captions অপশন চালু করলে প্রতিটি স্লাইডের জন্য আলাদা টেক্সট বক্স দেখা যাবে, যেখানে পৃথক ক্যাপশন লেখা যাবে।
সম্প্রতি ইনস্টাগ্রাম আরও কয়েকটি নতুন সুবিধা যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েডে আলট্রা এইচডিআর ও নাইট সাইট সমর্থন, কনটেন্ট রেকমেন্ডেশন নিয়ন্ত্রণ এবং প্রোফাইল গ্রিডে পোস্ট পুনর্বিন্যাসের সুযোগ। নতুন ‘মাল্টিপল ক্যাপশনস’ ফিচারটিকে প্ল্যাটফর্মটির ধারাবাহিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: টেকলুসিভ
