টিটিস স্থাপন নিয়ে বিরোধ থেকেই এমপির গাড়িতে হামলা

প্রতিনিধি,সিরাজগঞ্জ:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

সিরাজগঞ্জের রায়গঞ্জে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কোথায় স্থাপন করা হবে—এ নিয়ে ধানগড়া ও চান্দাইকোনা এলাকার মানুষের দীর্ঘদিনের বিরোধের জেরেই সংসদ সদস্য আইনুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জের ধানগড়া এলাকায় টিটিসি স্থাপন নিয়ে স্থানীয়দের সঙ্গে সংসদ সদস্য আইনুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধানগড়া ও চান্দাইকোনা এলাকার বাসিন্দাদের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে সভাস্থলের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রায়গঞ্জে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার পর থেকেই এর স্থান নির্ধারণ নিয়ে দুই এলাকার মানুষের মধ্যে বিরোধ চলে আসছিল। ধানগড়াবাসীর দাবি, টিটিসি পৌরসভা এলাকায় স্থাপন করতে হবে। অন্যদিকে চান্দাইকোনার বাসিন্দারা তাদের এলাকায় টিটিসি স্থাপনের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ধানগড়া বাজারে বিষয়টি নিয়ে জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দুই পক্ষের বক্তব্যের সময় উত্তেজনা দেখা দেয়। পরে সংসদ সদস্য আইনুল হক সভাস্থল ত্যাগ করে গাড়িতে ওঠেন। তিনি গাড়ি নিয়ে এলাকা ছাড়ার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংসদ সদস্য আইনুল হকের অভিযোগ, হামলাকারীদের মধ্যে শিবির ও এনসিপির নেতাকর্মীরা ছিলেন। তবে অভিযোগটি অস্বীকার করেছে জামায়াতে ইসলামী।

জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, ‘উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলার ঘটনা ঘটেছে। আমি শহরে থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। একটু আগে বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।’

অন্যদিকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

স্থানীয়দের ভাষ্য, টিটিসি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের সমাধান না হওয়ায় মতবিনিময় সভায় উত্তেজনা তৈরি হয়। আর সেই উত্তেজনাই শেষ পর্যন্ত সংসদ সদস্যের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রূপ নেয়।