ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে গ্রেপ্তার ৪২৪
প্রকাশ: ২ মাস আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো/ফাইল ছবি
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ, যেখানে ৯৭ জনকে আটক করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অভিযানের সময় বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৮ কেজি ৬০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, ধারালো অস্ত্র, ২৪টি মোবাইল ফোন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি প্রাণী। এছাড়া অভিযানে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিএমপির ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।