মালতিনগর হলি চাইল্ড স্কুলে নজরুল বর্ষ উদযাপন

প্রকাশ: ১ ঘন্টা আগে

প্রতিনিধি,রায়গঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মালতিনগর আমতলায় অবস্থিত “হলি চাইল্ড স্কুল” এ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান,বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাদপুর জি.আর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষাবিদ আব্দুল মান্নান সরকার। বিশিষ্ট সমাজসেবক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে মানবতা,সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কবিতা আবৃত্তি,হামদ-নাত,নজরুল গীতি, নজরুল নৃত্য,অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।পরে নজরুল সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার সাম্য,মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা তরুণ প্রজন্মকে আলোকিত করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।