মোতালেব প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ সম্মেলন: প্রশাসনের জরুরী ব্যবস্থা নেয়ার দাবি।

প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সুষ্ঠু নির্বাচন , ব্যবসায়ীদের নিরাপত্তায় জরুরী প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতি। এ উপলক্ষে মোতালেব প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার (২০ জুন) রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির বর্তমান অ্যাডহক কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, একটি মহল মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির ব্যবসায়ীদেরকে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ।

এছাড়া বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি সংগঠনের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডহক

কমিটির আহ্বায়ক খোন্দকার আকতার হামিদ পবন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমলের সাবেক কমিটির ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি গ্রুপ আইনের ভুল ব্যাখ্যা দিয়ে ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে। এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শনে বর্তমানে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরো অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী সরকার আমলে নির্বাচনবিহীন অগণতান্ত্রিক ভাবে সমিতি পরিচালনা করা হতো। আওয়ামী সরকার পতনের পরে সমিতির নেতারা অনেকেই আত্মগোপনে চলে যায়। ফলে সমিতির কার্যক্রম মূলতঃ অচল হয়ে পড়ায় নিয়মতান্ত্রিকভাবে এডহক কমিটি গঠিত হয়। মার্কেটটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের নির্দেশনা এবং দোকান মালিকদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত নানা রকম সমস্যার কারণে মার্কেটের সুনাম প্রায়  নষ্ট হয়ে গেছে।  তাই, আমরা দোকান মালিক  সমিতির নেতৃবৃন্দ এবং মার্কেটে ব্যবসায়ী বৃন্দ নতুন করে নির্বাচন দাবি করছি।  সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে যেই  নির্বাচিত হবে  আমরা সবাই তাকেই মেনে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু  অনির্বাচিত ভাবে আমরা আর মার্কেটের কর্মকাণ্ডকে ব্যাহত করার  জন্য পক্ষপাতিত্ব  করতে রাজি নই। আমরা সকলেই চাই একটি নির্বাচনের মাধ্যমে মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের সুনাম রক্ষা এবং মার্কেটের ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ ফিরে আসুক।

তিনি ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

দেশের অন্যতম বৃহৎ এই মোবাইল ও গ্যাজেট মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা বর্তমানে দিশেহারা। দীর্ঘদিনের এই ক্ষমতার লড়াই, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সংস্কৃতিতে তারা অতিষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, তারা কোনো পক্ষের বিবাদে জড়াতে চান না, শুধু শান্তিপূর্ণভাবে ব্যবসা করার পরিবেশ চান।

উল্লেখ্য যে, মোতালেব প্লাজায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘদিন ধরে মোতালেব প্লাজা ব্যবসায়ী মালিকদের উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থেকে সংবাদ সম্মেলন, পাল্টা সংবাদ সম্মেলন করে আসছে।

প্রতিদিন হাজার হাজার ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটা এই মার্কেটে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে রাজধানীর প্রযুক্তি পণ্যের সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা এই সংকট নিরসনে দ্রুত একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন।

  • মোতালেব প্লাজা ব্যবসায়ী
  • সংবাদ সম্মেলন