৫ মাসে জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য সফলতা এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি দাবি করেন, ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

তিনি বলেন, আমরা যে উন্নয়নের গল্প শুনেছি, সেই উন্নয়ন কোথায় হয়েছে? ফ্যাসিস্ট আমলে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে সামাজিক ও মূল্যবোধের জায়গায় অবনতি আমাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।

প্রেস সচিব বলেন, সরকার যে কাজ করছে, তা জনগণের সামনে তুলে ধরতে চাই। এ লক্ষ্যেই জেলা তথ্য কর্মকর্তাদেরও ক্ষমতায়িত করার কাজ চলছে।

তিনি বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। যে দলেরই হোক, যে মতের হোক, মতাদর্শ যাই হোক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। মতের পার্থক্য ব্যালটে হতে পারে, কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে হতে হবে।

আবু আবদুল্লাহ এম ছালেহ আরও বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বের হয়ে এসেছেন। কোথাও কারো কোনো বন্দনা করেন না। আগে যা অহরহ দেখা যেতো। প্রধানমন্ত্রী জনবিচ্ছিন্ন হচ্ছেন না। তিনি মানুষের সঙ্গে মিশে কাজ করছেন। প্রতিমাসেই তিনি জনসম্পৃক্ততা বাড়াতে ঢাকার বাইরে কোনো না কোনো জেলায় যাচ্ছেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে।