নিজস্ব প্রতিবেদক:
বাজারমুখী সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতজনিত দুর্ভোগ দূর করতে একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে উল্লাপাড়া পৌরসভা। পৌরসভার কাঁচাবাজারে যাতায়াতের সুবিধার্থে নির্মিত নতুন সিঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উল্লাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম নবনির্মিত সিঁড়িটির শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এবং উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া।
স্থানীয় বাসিন্দা ও বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে কাঁচাবাজারে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের চলাচলে বেশ অসুবিধা হতো। নতুন এই সিঁড়ি নির্মাণের ফলে বাজারে যাতায়াত এখন আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে উল্লাপাড়া পৌরসভা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, নবনির্মিত এই সিঁড়ির মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ উপকৃত হবেন এবং কাঁচাবাজার এলাকায় যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
