উৎসবমুখর পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

প্রতিনিধি,কুমিল্লা :
প্রকাশ: ৪ ঘন্টা আগে

উৎসবমুখর,শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ জুলাই)দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ প্রচারণা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।
নির্বাচন কমিশন জানায়,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মোহাম্মদ আলমগীর খান। নির্বাচন কমিশনার ছিলেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।
ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। রাতেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান পেয়েছেন ৩০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবীর জীবন ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা মুন্সী পেয়েছেন ১৪ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসাইন আকাইদ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহার উদ্দিন রায়হান পেয়েছেন ২৭ ভোট।
অর্থ সম্পাদক পদে শাহআলম শফি ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট।
দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুর রহমান পেয়েছেন ২৯ ভোট।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আসিফ হোসেন মান্না ৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেকবর হোসেন পেয়েছেন ২৮ ভোট।
সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ২৮ ভোট।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন—জাকারিয়া মানিক ৫৫ ভোট, রফিকুল ইসলাম খোকন ৫১ ভোট, ইয়াসমিন রীমা ৪৯ ভোট, খালেদ সাইফুল্লাহ ৪৪ ভোট এবং আনোয়ার হোসেন ৩৮ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদগুলোর ফলাফলে তাওহীদ হোসেন মিঠু ও সাদিক হোসেন মামুন নির্বাচিত হয়েছেন বলে ফলাফলে উল্লেখ করা হয়েছে।
ফলাফল ঘোষণার পর প্রেসক্লাব প্রাঙ্গণে নবনির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকর্মী সাংবাদিকরা। এ সময় প্রেসক্লাবজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
নবনির্বাচিত নেতারা কুমিল্লা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল, পেশাদার ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।