রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কিশোরপুরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফেজ আঃ মান্নানের সভাপতিত্বে এবং হাফেজ আরিফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জিন্নাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জিন্নাত আলী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। তাঁর আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করতে পারলেই সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম ও বৈষম্য দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, কুরআন ও সুন্নাহর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নৈতিকতা, সততা ও ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন এবং ইসলামের আদর্শ মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক পৌরসভা আমির সাবদার হোসেন, বাঘা থানা জামায়াতের অফিস সম্পাদক তরিকুল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক নবীউল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাহাবুবুর রহমান, বাঘা দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক আবিদ হাসানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাহফিলে মহানবী (সা.)-এর জীবন, চরিত্র ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
