
প্রতিনিধি,সলঙ্গাঃ
ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে সিরাজগঞ্জের মহাসড়কে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে লংমার্চের বহর সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে রংপুরের দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লংমার্চকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন চলাচল, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম বলেন, “১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ ঘিরে সিরাজগঞ্জের মহাসড়কে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্মানিত পুলিশ সুপার, সিরাজগঞ্জ স্যারের নির্দেশনায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, লংমার্চ চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
