সলঙ্গায় মেম্বার প্রার্থী মোমিন সরকারের উদ্যোগে লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত, দর্শকদের উপচেপড়া ভিড়

প্রকাশ: ৫৭ minutes ago

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলার গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণ লাঠিবাড়ি খেলা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রামার চর গ্রামে এ খেলার আয়োজন করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটিকুমরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোমিন সরকারের সার্বিক সহযোগিতায় খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে রামার চর গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী দর্শকের সমাগম ঘটে। ঢাকঢোলের তালে লাঠিয়াল বাহিনীর সদস্যরা নিজেদের শারীরিক দক্ষতা, কৌশল ও নৈপুণ্য প্রদর্শন করেন। তাদের দৃষ্টিনন্দন লাঠি খেলার বিভিন্ন কৌশল ও শৈল্পিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়রা জানান, লাঠিবাড়ি খেলা বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। একসময় গ্রামবাংলার বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এ খেলার ব্যাপক প্রচলন ছিল। তবে আধুনিকতার প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই খেলাটি। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলার লোকজ সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী হবে।
স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত এমন আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে ফিরে আসবে বাংলার চিরচেনা ঐতিহ্য। নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে লোকজ সংস্কৃতির সৌন্দর্য, প্রাণ ফিরে পাবে হারিয়ে যেতে বসা লাঠিবাড়ি খেলা।