
প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের নাগরপুরে ভীমরুলর কামড়ে চান মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।চিকিৎসায় গফলতির কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। নিহত চান মিয়া উপজেলার মামুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার
দিকে চান মিয়া তার নিজ বাড়ির তাল গাছে উঠে
গাছ পরিষ্কার করতে থাকেন। এমন সময় গাছে থাকা ভীমরুলের চাক থেকে বেশ কিছু ভীমরুল
তাকে আক্রমণ করে এবং শরিরের একাধিক স্থানে হুল ফোটালে দ্রুত গাছ থেকে নেমে আসেন তিনি। তার অবস্থা গুরুতর দেখে পরিবারের লোকজন তাকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ভর্তির পর তার চিকিৎসা শুরু হয়।বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির পর সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। সঠিক চিকিৎসা না হওয়ার কারণে তার অবস্থা খারাপ হতে থাকে। তারা চিকিৎসা দিতে পারবে না একথা বললে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতাম। তাদের এই অবহেলার কারনে তার মৃত্যু হয়েছে। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত মাহবুব বলেন, চান মিয়া বিকেল পাঁচটার দিকে হঠাৎ করেই শকে চলে যায়। বহু চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
