লালপুরে পুলিশ কনস্টেবল ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশ: ২ ঘন্টা আগে

প্রতিনিধি,​লালপুর (নাটোর) :
নাটোরে লালপুরে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন (২৩)। তিনি লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার অপর দুজন হলেন—উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।
​পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ওহিদুল মোল্লার টিনশেড বাড়ির একটি কক্ষে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, মাদক কেনাবেচায় ব্যবহূত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।​বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।